ডি নিউজ ডেস্কঃ
সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে না করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সুপারিশে বলা হয়েছে, প্রতিটি স্থানীয় সরকার সংস্থায় শুধু সদস্য বা কাউন্সিলররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এরপর নির্বাচিত কাউন্সিলর ও সদস্যরা তাঁদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত করবেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার সুপারিশও করেছে কমিশন। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে জেলা পরিষদের সদস্যদের জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে নির্বাচনের সুপারিশ করা হয়েছে। এই সদস্যদের ভোটে তাঁদেরই একজন নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। প্রস্তাবে বলা হয়েছে, জেলা পরিষদ হবে “পরিকল্পনা ইউনিট”। আর উপজেলা ও ইউনিয়ন পরিষদ হবে “বাস্তবায়ন ইউনিট”।
স্থানীয় সরকার সংস্কার কমিশন গত বুধবার সংস্কারের ‘প্রাথমিক সুপারিশমালা’ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়। গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে কমিশনের দেওয়া ওই সুপারিশ গণমাধ্যমকর্মীদের দেওয়া হয়। সেখানে ১৪টি ক্ষেত্রে মোট ২১০টি সুপারিশ তুলে ধরা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS