ডি নিউজ ডেস্কঃ
দেশজুড়ে ভয়াবহ হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা, নারী ও শিশু নির্যাতন, গণধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড। এই অস্থির ও উদ্বেগ জনক পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফয়সাল হাওলাদার।
তিনি বলেন, “আজ আমাদের দেশে সাংবাদিকদের সত্য প্রকাশই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলা, হুমকি, হয়রানি এমনকি মিথ্যা মামলার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এই নির্মমতা আর সহিংসতার বাস্তবতায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আতঙ্কের।"
ফয়সাল হাওলাদার প্রশ্ন রেখে বলেন, “এই চরম নিরাপত্তাহীনতার দায় আসলে কার? রাষ্ট্র যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে যায়।”
তিনি আরও বলেন, “অপরাধীরা যখন বিচারহীনতার সুযোগে আরও বেপরোয়া হয়ে ওঠে, তখন সমাজে নেমে আসে নৈরাজ্য। এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সামগ্রিকভাবে সামাজিক অস্থিরতা ভয়াবহ রূপ ধারণ করবে।"
ফয়সাল হাওলাদার অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “জনগণ জবাব চায়। রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ আর কতদিন চুপ থাকবে?”
এই পরিস্থিতিতে সমাজের সকল সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS