মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারীঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, পরিবেশবান্ধব গাছ ও ইসলামী ছাত্রশিবিরের পরিচিতি উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, আবু হেনা মাসুম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী এবং জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তানভীর হাসান তামিম।
বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন নিরলস চেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি কেবল একটি সংবর্ধনা নয়, বরং একটি অনুপ্রেরণার মঞ্চ হয়ে উঠেছিল, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS