খন্দকার নিরব, ভোলাঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, কিছু রাজনৈতিক দল দেশের স্বার্থের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে চায়। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনে হস্তক্ষেপ ও বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু দল।
শুভ বিকেলে তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে খাসেরহাট বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ বলেন,
“বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ এসেছে, কিন্তু তা নিয়েও গভীর ষড়যন্ত্র করছে কিছু রাজনৈতিক দল। কারণ শান্তিপূর্ণ নির্বাচন হলে তাদের কর্তৃত্ব চলে যাবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর জনগণের ভোটাধিকার ছিল না। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে। বিএনপি স্বপ্ন দেখে সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার। আমাদের লক্ষ্য জনগণকে ক্ষমতার মূলধারায় ফিরিয়ে আনা।”
হাফিজ উদ্দিন আহমেদ অতীতের গুম, খুন, অত্যাচার ও অনাচারের চিত্র তুলে ধরে বলেন, “এসব থেকে বেরিয়ে এসে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। দূর্নীতিকারীদের বিএনপিতে কোনো আশ্রয় নেই। কেউ যদি ঘুষ বা দূর্নীতিতে লিপ্ত হয়, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার।
শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাস্থলে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ও বাদ্যযন্ত্রের তালে হাজারো নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটে। খাসেরহাট বাজার মুখরিত হয় ধানের শীষের জয়ধ্বনি ও উৎসবমুখর পরিবেশে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS