মোঃ নুর আলম সিদ্দীক, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল একাংশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম শনিবার সকালে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রমিজ উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, এবং স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মাওলানা আব্দুল হাকিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা ও রোগী সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মীদের আন্তরিক পরিশ্রমের ফলে এখানকার জনগণ উপকৃত হচ্ছে। তবে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত জনবল ও ওষুধ সরবরাহের ঘাটতি রয়েছে। এই ৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে দ্রুত ১০০-শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা সময়ের দাবি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাই, জনগণের এই ন্যায্য দাবিটি বাস্তবায়নে উদ্যোগ নিন। আমরা জনগণের পাশে থেকে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাবো।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেবের মতো মানবিক ও জনপ্রিয় নেতৃত্বের আগমন আমাদের জন্য গর্বের বিষয়। তিনি যে গঠনমূলক পরামর্শ দিয়েছেন, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করবো। তাঁর দিকনির্দেশনা আমাদের অনুপ্রেরণা যোগাবে।
পরিদর্শন শেষে মাওলানা আব্দুল হাকিম ও সঙ্গে থাকা নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS