প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কর্মস্থল থেকে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামে এক ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মন্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে প্রান্তের বাবা অসুস্থ্য ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
বাড়ির পথে রওনা হওয়ার সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি পোস্ট করে প্রান্ত লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
পথিমধ্যে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
প্রান্ত মন্ডলের পরিবার সূত্রে জানা যায়, তিনি পরিবারের একমাত্র ছেলে। তার স্ত্রী, এক বছরের শিশু সন্তান মুগ্ধ, অসুস্থ বাবা-মা এবং এক বড় বোন রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
সহকর্মীরা বলেন, প্রান্ত ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল একজন ফায়ার ফাইটার। সব সময় হাসিমুখে দায়িত্ব পালন করতেন তিনি। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এদিকে প্রান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনসহ স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়। সহকর্মীরা তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS