নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবা ট্যাবলেট এনে দিতে রাজি না হওয়ায় মো. আক্তার হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামে এই ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন ওই গ্রামের মৃত নুর নবী ভূট্টুর ছেলে। অভিযুক্ত অলি উদ্দিন (২২) একই গ্রামের মো. বাহারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অলি উদ্দিন একজন মাদকসেবী। ঘটনার সময় সে আক্তার হোসেনকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেওয়ার জন্য চাপ দেয়। আক্তার মাদক এনে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অলি ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে আক্তারকে লক্ষ্য করে আঘাত করে। এতে আক্তার গুরুত্বর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
দিনদুপুরে জনসম্মুখে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর প্রশ্ন, তুচ্ছ ঘটনায় একজন মানুষকে এভাবে দিনদুপুরে কীভাবে ছুরিকাঘাত করার সাহস পায় কেউ? তারা দ্রুত এই মাদকসেবী সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS