
রাসেল আহম্মেদ, বগুড়াঃ
১৯ জুলাই ২০২৫ শনিবার
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ বগুড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “জনগণের পক্ষে কথা বললেই আজকাল কটূক্তি ও মিথ্যাচারের শিকার হতে হয়। তবে বিএনপিকে ষড়যন্ত্র করে কেউ দমাতে পারবে না। সময় এসেছে, দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নামার।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন প্রমুখ।
বক্তারা সরকারের ব্যর্থতা, বিচারহীনতা এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বগুড়ার রাজপথ উত্তাল হয়ে ওঠে।
শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। বগুড়া জেলা বিএনপির এই প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।
Leave a Reply