
মোঃ আনোয়ার হোসেন
দীর্ঘ ৬ মাস মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগের পর পাবনার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) জেলগেট থেকে ফের গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি অবিলম্বে মোবারক বিশ্বাসের মুক্তি ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি নিরপেক্ষ তদন্তে মোবারক বিশ্বাস নির্দোষ প্রমাণিত হবেন। তিনি রাজনৈতিক হিংসাত্মক ষড়যন্ত্রের শিকার।”
বিএমএসএফ চেয়ারম্যানের বক্তব্য
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
“এভাবে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি করা রাজনৈতিক নৈরাজ্যের বহিঃপ্রকাশ, যা চরম নিন্দনীয় ও অমানবিক। সাংবাদিকদের হয়রানি মানেই গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা।”
পরিবারে চরম সংকট
জানা গেছে, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোবারক বিশ্বাসের অনুপস্থিতিতে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তার ভাই অধিকাংশ জমি দখল করে নিয়েছে এবং স্ত্রীকে মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পূর্ববর্তী গ্রেফতারের ঘটনা
প্রসঙ্গত, গত ১৪ মার্চ বিকেলে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার নিজ বাসা থেকে এটিএন বাংলা ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তিনি দুই মাস কারাগারে অসুস্থ ছিলেন এবং যথাযথ চিকিৎসা পাননি।
মোবারক বিশ্বাস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাবনা জেলা শাখার সাবেক সম্পাদক।
বিএমএসএফের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সুদৃষ্টি কামনা করা হয়েছে।
Leave a Reply