
মোঃ রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও অপর সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বের সেই বিরোধের জেরে সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আরও কয়েকজন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে, যার মধ্যে বাবা-ছেলেও রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply