
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. রিয়াদ হোসেন চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে নোয়াপাড়া গ্রামের মেলার মাঠে ঘুরতে যায় রিয়াদ হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাজেদুল ইসলাম রাফসান। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী লতা বেগম তাকে একা পেয়ে প্রথমে গলা চেপে ধরে এবং পরে ধারালো ছুরি দিয়ে পেটের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থানে তিনটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্ত লতা বেগম ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে রিয়াদ হোসেন জানান, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”
চাটখিল থানায় দায়ের করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক নুর নবী বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply