
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া-নয়নপুর সড়কের বড়পুল সংলগ্ন স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ২ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাটখিল উপজেলার খিরিহাটি মাদরাসায় শিক্ষকতা করেন এবং বড় পোল সংলগ্ন একটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। মসজিদের পাশেই একটি ভাড়া বাড়িতে তিনি স্ব-পরিবারে বসবাস করেন।
বেলাল হোসেন বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি ফজরের আজান দিতে মসজিদে যান। এই সুযোগে ৩ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা ২ বছরের শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে স্ত্রী ও দুই সন্তানকে জিম্মি করে ফেলে। সন্তান ও পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে চিৎকার করতে না পারায় ডাকাতরা অনায়াসেই ঘরের স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ইমামকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চরম হুমকি-ধমকি দিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
একজন সম্মানী ব্যক্তির বাড়িতে এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, ভোরে আজানের সময় যখন ইমামরা মসজিদে যান, সেই সময়টিকে টার্গেট করে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নাফের সাথে কথা বললে তিনি জানান, ইমাম সাহেব নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেছেন আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।
Leave a Reply