
মোঃ আকতারুল হক, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের সাহসী তরুণ অভিযাত্রী মহিউদ্দিন মুহিন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প জয় করে দেশে ফিরেছেন। তিনি গত ১ অক্টোবর যাত্রা শুরু করেন এবং দীর্ঘ অভিযাত্রা শেষে ১৬ অক্টোবর দেশে ফেরেন। পুরো যাত্রাপথে তিনি প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করেন যাতায়াতসহ।
অভিযানে মুহিন প্রায় ৫ হাজার ৪৬৩ মিটার (প্রায় ১৭ হাজার ৪০০ ফিট) উচ্চতায় পৌঁছান। তাঁর এই অভিযাত্রায় গ্রুপ লিডার ছিলেন সুজন, আর পুরো দলে ছিলেন মোট আটজন সদস্য। তারা একটি ট্রাভেল গ্রুপের সঙ্গে এই অভিযান সম্পন্ন করেন।
মুহিনের এই অসামান্য সাফল্যে তাকে সংবর্ধনা জানায় ঠাকুরগাঁও টাউন ক্লাব। শুক্রবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মাহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ফুটবল ফেডারেশনের আহ্বায়ক মমিনুল হক বাবু, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, সাবেক ফুটবলার আরাফাত রনি, টাউন ক্লাবের অন্যান্য সদস্যসহ স্থানীয় ক্রীড়াবিদ ও শুভানুধ্যায়ীরা।
মুহিন বলেন, “এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানো আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ঠাকুরগাঁওবাসীর দোয়া ও সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।”
Leave a Reply