
মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড়ঃ
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সুরক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার যে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, তারই অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল ও কল্যাণ রাষ্ট্রের মতোই সামাজিক নিরাপত্তা বেস্টনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, এতিম, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই দীর্ঘমেয়াদি উদ্যোগকে আরও কার্যকর করতে সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত রেখে চলেছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়, পঞ্চগড়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং সহকারী পরিচালক গোলাম ফারুক। তারা প্রতিবন্ধী শিশুদের অধিকার, শিক্ষা উপবৃত্তির প্রয়োজনীয়তা, নীতি সহায়তা এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধি শিক্ষকমণ্ডলী, প্রভাষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা। উপস্থিত বক্তারা বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঠিকভাবে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দিতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে।”
সেমিনারে বক্তারা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, সরকারি অর্থায়নে শিক্ষা উপবৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস, স্কুলে উপস্থিতি এবং সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৫–২০২৬ অর্থবছরে বোদা উপজেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্তির পরিসংখ্যান:
প্রাথমিক স্তর: ৪৭ জন — মাসিক ৯০০ টাকা
মাধ্যমিক স্তর: ২৪ জন — মাসিক ৯৫০ টাকা
উচ্চ মাধ্যমিক স্তর: ২ জন — মাসিক ১০৫০ টাকা
উচ্চতর শিক্ষা: ২ জন — মাসিক ১৩০০ টাকা
এছাড়াও ভবিষ্যতে উপবৃত্তির সংখ্যা বাড়ানো, সেবা গ্রহণ পদ্ধতি সহজীকরণ এবং বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধির সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা উপজেলা সমাজসেবা অফিসার তৌকির আহমেদ। শেষাংশে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে।”
Leave a Reply